কুমিল্লার বাঙ্গরাকে আলাদা উপজেলা হিসেবে প্রতিষ্ঠার ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
শনিবার রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে ‘মুরাদনগর সমিতি-ঢাকা’র প্রথম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাঙ্গরাকে আলাদা উপজেলা হিসেবে প্রতিষ্ঠার বিষয়ে ধর্মমন্ত্রী বলেন, এটি এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী সিদ্ধান্তের ফলেই এটি বাস্তবায়িত হতে যাচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার এ বছরের জুলাই মাসে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে প্রয়োজনীয় সকল ব্যবস্থা সম্পন্ন করেছে।
ধর্মমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার ওপর আস্থা রেখে ধর্ম মন্ত্রণালয়ের গুরুদায়িত্ব অর্পণ করেছেন। তিনি যেন নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করতে পারেন, সেজন্য উপস্থিত সবার কাছে দোয়া চান। পাশাপাশি, প্রধানমন্ত্রী তারেক রহমানকে যেন আল্লাহ তাআলা সব ধরনের ষড়যন্ত্র থেকে হেফাজত করেন এবং সুস্থতা ও দীর্ঘায়ু দান করেন, সে বিষয়েও তিনি বিশেষ দোয়া করার অনুরোধ জানান।
মন্ত্রী বলেন, দল ও মত নির্বিশেষে মুরাদনগরের সার্বিক উন্নয়নের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং সরকারকে সহযোগিতা করতে হবে। জনগণের আমানত রক্ষা করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সমিতির নামকরণ প্রসঙ্গে ধর্মমন্ত্রী বলেন, তিনি এই সংগঠনকে কেবল ‘মুরাদনগর সমিতি’ হিসেবে নয়, বরং ‘বৃহত্তর মুরাদনগর সমিতি’ হিসেবে দেখতে চান। মুরাদনগর ও বাঙ্গরার মানুষ এক পরিবারের সদস্য, এই বোধ যেন সবসময় সমিতির কাজে বজায় থাকে, সে আহ্বান জানান তিনি।
মুরাদনগরের বহু কৃতী সন্তান সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত রয়েছেন উল্লেখ করে তিনি এলাকার উন্নয়নে সরকারের সহযোগী হিসেবে তাদের এগিয়ে আসার আহ্বান জানান।
সমিতির সমাজকল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করে মন্ত্রী বলেন, বিনামূল্যে চক্ষু শিবির আয়োজনের মাধ্যমে দরিদ্র মানুষের সেবা প্রদান এবং মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করার উদ্যোগ নতুন প্রজন্মকে আলোর পথে এগিয়ে নেবে।
দুর্যোগ ও বিপদের দিনে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমিতির সদস্যদের ধন্যবাদ জানান তিনি। এছাড়া মুরাদনগরের রাস্তাঘাট, সেতু নির্মাণ এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে নিজের সর্বাত্মক সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন ধর্মমন্ত্রী।






















