রাজধানীর ব্যস্ততম মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় চলন্ত অবস্থায় ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আকস্মিক এই আগুনে বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (২৮ নভেম্বর) রাত আনুমানিক ৭টা ৪০ মিনিটের দিকে মিরপুর-১০ নম্বরের বাটা মার্কেট ও হোটেল নিউ রোজ হ্যাভেনের সংলগ্ন সড়কে এই নাশকতার ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাথমিক সূত্র জানায়, মিরপুর-১০ এলাকায় নিয়মিত চলাচলকারী ইতিহাস পরিবহনের বাসটিতে হঠাৎ করেই দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। পুড়ে যাওয়া বাসটির সরকারি নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ল ১৫-৮৫০৮।
ঘটনার সঙ্গে সঙ্গে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে অবশ্য আগুনে বাসটির বডি ও ভেতরের অংশ সম্পূর্ণ পুড়ে যায়।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান সংবাদমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে এবং আইনগত প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।






















