অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রোববার ও সোমবারের পূর্বাভাসেও একই ধরনের আবহাওয়ার কথা জানানো হয়েছে। তবে সোমবারের দিকে রাতের ও দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোনো বৃষ্টিপাত হয়নি। গতকাল চট্টগ্রাম বিভাগের সন্দ্বীপে দেশের সর্বোচ্চ ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজ রংপুর বিভাগের তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।






















