জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, ‘শেখ হাসিনাকে নিয়ে ভারত এক ধরনের নাটক করছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, খুনি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার নাটকই হোক, আশ্রয়দাতা ভারত থেকে শেখ হাসিনাকে বের করে দিক; আর আমরা গিয়ে শেখ হাসিনাকে ভারত থেকে ধরে নিয়ে আসি—পরিস্থিতি যাই হোক না কেন, এই বাংলাদেশে শেখ হাসিনার ভবিষ্যৎ একটাই; ফাঁসির দড়িতে ঝুলে নরকে যাওয়া।’
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে খুলনা নগরীর সোনালী ব্যাংক চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর ও আওয়ামী লীগের বিচারসহ চার দফা দাবিতে খুলনা মহানগর ও জেলা এনসিপি এবং অঙ্গসংগঠনসমূহ এই কর্মসূচির আয়োজন করে।
আখতার হোসেন বলেন, ‘বাংলাদেশে শেখ হাসিনার আর কোনো ভবিষ্যৎ নেই। যে ১৪০০ মানুষকে তারা খুন করেছে, যে হাজার হাজার মানুষকে তারা পঙ্গু করেছে, সেই বাংলাদেশের মানুষেরা অপেক্ষা করছে, এই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তার ফাঁসির রায় কার্যকর করতে হবে।’
এনসিপির এই সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা মহানগর আহ্বায়ক আহম্মদ হামীম রাহাত। নগর সদস্য সচিব ডা. আব্দুল্লাহ চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব, সংসদ সদস্য নুসরাত তাবাসসুম, যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক এবং খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহরীন ইরা।
সংসদ সদস্য আখতার হোসেন আরও বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জেলা পর্যায়ে গণশুনানির আয়োজন করেছে। যদি আওয়ামী লীগের অপরাধগুলোকে জনসম্মুখে নিয়ে আসতে হয়, তাহলে শুধু জেলা পর্যায়ে নয়, দেশের উপজেলা ও ইউনিয়ন পর্যায় পর্যন্ত আওয়ামী লীগের অপরাধ, গুম-খুন ও দখলদারির বিরুদ্ধে গণশুনানি করতে হবে।’
সীমান্ত ইস্যুতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘সীমান্তের ওপারে বিভিন্ন সময় নানা ধরনের উসকানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে, বাংলাদেশকে দখলে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। তারা ভুলে যাচ্ছে, এই বাংলাদেশের জনগণ, সীমান্তবাসীর মানুষেরা কাস্তে হাতে নিয়ে কামানের বিপরীতে, গুলির বিপরীতে দাঁড়াতে রাজি আছে; কিন্তু বাংলাদেশের এক ইঞ্চি জমিও কেউ এসে দখল করবে, আর বেঁচে থাকতে বাংলাদেশের কোনো মানুষ তা হতে দেবে না।’
বর্তমান নাশকতা ও সহিংসতার সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, ‘এই আওয়ামী লীগ বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। যারা বর্তমানে বাংলাদেশে নাশকতা করছে, সহিংসতা করছে, রাষ্ট্রীয় সম্পদে হামলা চালাচ্ছে এবং অগ্নিসংযোগ করছে—তারা ভিডিও ধারণ করে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের মতো হামলা চালিয়ে কৃতিত্ব জাহির করার জন্য নানাভাবে উল্লাস প্রকাশ করছে। সেই আওয়ামী লীগ এই বাংলাদেশে আর কখনো ফিরতে পারবে না।’
সমাবেশ শেষে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে খুলনা নগরীতে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।






















