বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পতিত ও পলাতক আওয়ামী লীগ এবং দলটির নেত্রী শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসকে একমাত্রিক ও একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল।
শুক্রবার (২৭ নভেম্বর) ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩৬তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য’ প্ল্যাটফর্ম এই স্মরণসভার আয়োজন করে।
মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাদ দিয়ে ইতিহাস রচনার অপচেষ্টা করা হয়েছে উল্লেখ করে রিজভী বলেন, স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি পুরো জাতিকে উদ্বুদ্ধ করেছিলেন। তাঁর ঐতিহাসিক ঘোষণার মধ্য দিয়ে শ্রমিক, কৃষক ও ছাত্রসমাজ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তাঁকে ইতিহাস থেকে মুছে ফেলার যতোই চেষ্টা করা হোক না কেন, সাধারণ মানুষের হৃদয়ে খোদাই করা সঠিক ইতিহাস ঠিকই টিকে রয়েছে।
তিনি আরও বলেন, ১৯৭১, ১৯৭৫ সালের ৭ নভেম্বর, ১৯৯০ এবং চব্বিশের জুলাই— বাংলাদেশের ইতিহাসের প্রতিটি অধ্যায় অত্যন্ত উজ্জ্বল। একটি গণতান্ত্রিক সংগ্রাম অন্য সংগ্রামকে অনুপ্রাণিত করেছে। ১৯৯০ সালের মূল চেতনা ছিল একনায়কতান্ত্রিক শাসন হটিয়ে জনগণের অধিকার ও শাসন প্রতিষ্ঠা করা। এই ঐতিহাসিক চেতনা জুলাইয়ের গণআন্দোলনকেও দারুণভাবে প্রভাবিত করেছে।
রিজভী বলেন, ১৯৯০ সালের চেতনা, ৭ নভেম্বরের চেতনা এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানের অর্জনকে ধারণ করেই বর্তমানে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এখন শুধু একটি সরকার পেলেই দায়িত্ব শেষ হয়ে যায় না, বরং গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে তোলার বড় দায়িত্বও আমাদের রয়েছে।
৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের স্মৃতিচারণ করে তিনি জানান, সেই সংগ্রামের অর্জিত গৌরব তাকে পরবর্তী ৩৬ বছর ধরে যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে প্রেরণা যুগিয়ে গেছে। সেই চেতনার ধারাবাহিকতা বজায় রেখেই অবশেষে শেখ হাসিনার মতো কঠোর স্বৈরাচারী শাসকের পতন নিশ্চিত করা সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক আমানউল্লাহ আমান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য খায়রুল কবির খোকন।





















