সংযুক্ত আরব আমিরাতের (ইউএইচ) রাস আল খাইমাহ আমিরাতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষের ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সরকারি বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়ের দেওয়া বিবরণ অনুযায়ী, রাস আল খাইমাহর আল ওয়াতান স্ট্রিটে একটি যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের মধ্যে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। তবে নিহতদের পরিচয়, জাতীয়তা এবং আহতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই বিশেষায়িত উদ্ধারকারী দল, অ্যাম্বুলেন্স কর্মী, সিভিল ডিফেন্স ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা সেখানে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম পরিচালনার পাশাপাশি দুর্ঘটনাস্থল নিরাপদ করা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করে।
এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য গণমাধ্যমে প্রকাশ করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে দুর্ঘটনা সম্পর্কে যেকোনো তথ্যের জন্য সরকারি সূত্রের ওপর নির্ভর করতে এবং যাচাইবিহীন তথ্য বা কোনো ধরনের গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, রাস আল খাইমাহ সংযুক্ত আরব আমিরাতের সাতটি আমিরাতের অন্যতম। দেশটির উত্তরাঞ্চলে অবস্থিত এই আমিরাত পর্যটন, শিল্প ও বাণিজ্যের জন্য বেশ গুরুত্বপূর্ণ। তবে তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ভয়াবহ এই সড়ক দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা সম্ভব হয়নি।

























