দীর্ঘ পাঁচ বছরের নীরবতা ভেঙে আবারও ঘরোয়া ফুটবলের কোলাহলে মুখর হতে যাচ্ছে রাজধানীর পল্টনের জাতীয় স্টেডিয়াম। যে মাঠ একসময় দেশের ক্লাব ফুটবলের প্রাণকেন্দ্র ছিল, যেখানে বড় দলের লড়াই দেখতে গ্যালারিতে উপচে পড়ত দর্শক, সেই মাঠে আজ আবার বাজবে ঘরোয়া ফুটবলের বাঁশি। প্রত্যাবর্তনের এই ম্যাচে মুখোমুখি হবে ফর্টিস এফসি ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।
মঙ্গলবার বেলা আড়াইটায় ফেডারেশন কাপের ম্যাচ দিয়ে জাতীয় স্টেডিয়ামে ফিরছে ক্লাব ফুটবল। সময়ের হিসাবে ব্যবধানটা প্রায় পাঁচ বছর। ২০২১ সালের ২০ সেপ্টেম্বর আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংসের মধ্যকার প্রিমিয়ার লিগের ম্যাচটিই ছিল এই মাঠে সর্বশেষ ঘরোয়া ফুটবলের লড়াই। এরপর সংস্কারকাজের জন্য বন্ধ হয়ে যায় স্টেডিয়াম। সংস্কার শেষে মাঠে ফিরেছে আন্তর্জাতিক ফুটবল, হয়েছে সাফ চ্যাম্পিয়নশিপও। কিন্তু দেশের ক্লাব ফুটবলের জন্য দরজাটা এত দিন বন্ধই ছিল!
মজার ব্যাপার, দেশের ফুটবলে এখন পরিচিত ও প্রতিষ্ঠিত নাম ফর্টিস এফসি। আন্তর্জাতিক অঙ্গনেও এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার অভিজ্ঞতা আছে তাদের। অথচ জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া ফুটবলের ম্যাচ খেলতে যাচ্ছে ক্লাবটি প্রথমবারের মতো। প্রতিপক্ষ রহমতগঞ্জের জন্যও ম্যাচটি কেবল পয়েন্টের লড়াই নয়, ঐতিহ্যবাহী একটি ভেন্যুতে নিজেদের মেলে ধরার সুযোগ।
জাতীয় স্টেডিয়ামের সঙ্গে বাংলাদেশের ফুটবলের সম্পর্ক কেবল একটি মাঠের নয়, জড়িয়ে আছে অসংখ্য স্মৃতি ও আবেগ। একসময় ক্লাব ফুটবল, জাতীয় দলের ম্যাচ কিংবা বড় কোনো টুর্নামেন্ট-সবকিছুরই প্রধান ঠিকানা ছিল এই স্টেডিয়াম। সময়ের পরিবর্তনে ঘরোয়া ফুটবলের কেন্দ্র সরে গেছে ঢাকার বাইরে। গত পাঁচ বছরে কুমিল্লা, গোপালগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, মুন্সিগঞ্জ ও রাজশাহীর মতো বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হয়েছে লিগের ম্যাচ। ঢাকায় কিছু ম্যাচ হয়েছে বসুন্ধরা কিংস অ্যারেনায়।
সংস্কার শেষে ২০২৫ সালের জুনে আবার ব্যবহারের উপযোগী হয় জাতীয় স্টেডিয়াম। এরপর এক বছরের বেশি সময় সেখানে মূলত জাতীয় দলের ম্যাচই অনুষ্ঠিত হয়েছে। আবাহনী ও মোহামেডানের মতো ঐতিহ্যবাহী ক্লাবও এই মাঠকে লিগের হোম ভেন্যু করতে চেয়েছিল। তবে অনুমতি মেলেনি। ফলে আন্তর্জাতিক ফুটবলের আলো থাকলেও ক্লাব ফুটবলের পরিচিত কোলাহল থেকে দূরেই ছিল স্টেডিয়ামটি।
আজকের প্রত্যাবর্তন ম্যাচের আগের দিনও অবশ্য মাঠের চিত্রে বিশেষ কোনো ব্যস্ততা চোখে পড়েনি। গ্যালারি ও ডাগআউটে তখনো সাফ চ্যাম্পিয়নশিপের পৃষ্ঠপোষকদের নাম শোভা পাচ্ছিল। বিকেলে মাঠে অনুশীলন করছিল নারী ফুটবল দল। ফর্টিস ও রহমতগঞ্জ নিজেদের প্রস্তুতি সেরেছে নিজ নিজ অনুশীলন মাঠে।
জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া ফুটবলের প্রত্যাবর্তন অবশ্য এক দিনের আয়োজন হয়ে থাকছে না। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এই ধারাবাহিকতা ধরে রাখতে চায়। ফেডারেশন কাপের সূচি অনুযায়ী, এই সপ্তাহ থেকে প্রতি মঙ্গলবার এখানে একটি করে ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। গ্রুপ পর্বের আরও ছয়টি ম্যাচ হওয়ার কথা এই মাঠে। পাশাপাশি লিগ ও ফেডারেশন কাপের নকআউট পর্বের কিছু ম্যাচও জাতীয় স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

























