নেত্রকোনা শহরে বাসার সামনে পার্কিং করে রাখা বেস্ট লাইফ ইনস্যুরেন্স কোম্পানির একটি গাড়িতে রহস্যজনকভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত আনুমানিক ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে এ ঘটনা ঘটে। এতে গাড়িটির বেশ কিছু অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কীভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
গাড়িটির চালক সাইফুল ইসলাম জানান, তিনি দীর্ঘ ১৪ বছর ধরে বেস্ট লাইফ ইনস্যুরেন্স কোম্পানিতে চাকরি করছেন। সোমবার দিনভর দায়িত্ব পালন শেষে রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে গাড়িটি বাসার সামনে রেখে তিনি বাড়িতে যান। রাত ১১টার দিকেও তাঁর ছেলে গাড়িটি অক্ষত অবস্থায় দেখতে পায়। পরবর্তীতে রাত ৩টা থেকে সাড়ে ৩টার দিকে প্রতিবেশী মন্টুর চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে তিনি গাড়িতে আগুন জ্বলতে দেখেন।
তিনি আরও জানান, স্থানীয় লোকজন দ্রুত ছুটে এসে বালতি ও পাইপ দিয়ে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন লাগার সময় আশপাশে কাউকে দেখতে পাননি তিনি। এই আকস্মিক ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন বলেও জানান চালক সাইফুল।
সাইফুল ইসলাম জানান, গাড়িটি বেস্ট লাইফ ইনস্যুরেন্স কোম্পানির মালিকানাধীন। আগে গাড়িটির ইনস্যুরেন্স করা থাকলেও বর্তমানে তা মেয়াদোত্তীর্ণ। এ ঘটনায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নেত্রকোনায় এসে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করছেন। কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সময়ে মামলা দায়েরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে বেস্ট লাইফ ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল ইসলাম ইতিমধ্যে নেত্রকোনায় পৌঁছে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়াও বর্তমানে চলমান রয়েছে বলে জানা গেছে।
নেত্রকোনা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। গাড়িটি একটি কোম্পানির হওয়ায় কোম্পানির দায়িত্বশীল ব্যক্তিরা এসে মামলা করবেন বলে জানিয়েছেন। আগুন লাগার প্রকৃত কারণ কী এবং এর পেছনে নাশকতা বা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা পুঙ্খানুপুঙ্খ তদন্তের পর স্পষ্টভাবে বলা যাবে।


























