ইউক্রেনের হামলার জবাবে কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দেওয়ার কয়েক দিন পরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে চালানো একাধিক হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন।
ইউক্রেনের কিয়েভ অঞ্চলের দাইমার শহরে রাশিয়ার ড্রোন হামলায় একটি বহুতল আবাসিক ভবনের একাংশ ধসে পড়লে সেখানে উদ্ধারকাজ চালাচ্ছেন কর্মীরা। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে রাশিয়া নিয়মিতভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। পূর্ণমাত্রার আগ্রাসনের পঞ্চম বছরে এসে তীব্র শীতের প্রস্তুতির মধ্যেই দেশটি নতুন করে রুশ হামলার মুখে পড়েছে।
কিয়েভ থেকে প্রায় ৪৫ কিলোমিটার উত্তরে অবস্থিত দাইমার শহরে রাতের বেলা একটি পাঁচতলা ভবনে এই হামলার ঘটনা ঘটে। সোমবার কিয়েভ অঞ্চলের কর্মকর্তা তিমুর তকাচেঙ্কো জানিয়েছেন, এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহগুলো উদ্ধার করেছেন।
ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, নিহতদের মধ্যে একজন কিশোরও রয়েছে। সংস্থাটি আরও জানায়, উদ্ধারকারীরা ১১ জন নিখোঁজ ব্যক্তির সন্ধান করছেন, যাদের মধ্যে দুটি শিশুও রয়েছে। তাদের সাথে বর্তমানে কোনো যোগাযোগ সম্ভব হচ্ছে না।
তকাচেঙ্কো জানান, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচ থেকে কয়েকজনকে জীবিত অবস্থায় বের করে আনতে সক্ষম হয়েছেন, যাদের মধ্যে ৭৯ বছর বয়সী এক নারী ও একটি শিশু রয়েছে। উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে।

























