রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত অপরাধের জবাবদিহি নিশ্চিত করতে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায় দ্রুত ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের জন্য মিয়ানমারের প্রতি কঠোর আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আইসিজের সাম্প্রতিক রায়ের প্রেক্ষিতে ইইউর মুখপাত্র এক বিবৃতিতে এই আহ্বান জানান। বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক বিচার আদালতের এই ঐতিহাসিক রায়কে স্বাগত জানায় ইউরোপীয় ইউনিয়ন। সংস্থাটি বিশ্বজুড়ে দায়মুক্তির সংস্কৃতির বিরুদ্ধে লড়াইয়ে নিজেদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, রোহিঙ্গা জনগোষ্ঠী যে ভয়াবহ সহিংসতা ও বাস্তুচ্যুতির শিকার হয়েছে, তা ভুলে যাওয়ার সুযোগ নেই। এই রায় ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করার অপরিহার্যতা এবং আন্তর্জাতিক আইন মেনে চলার গুরুত্বকে পুনরায় সামনে নিয়ে এসেছে। সংকটের টেকসই সমাধান এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে মিয়ানমারকে কোনো প্রকার কালক্ষেপণ ছাড়াই আইসিজের রায় বাস্তবায়ন করতে হবে। এর মধ্যে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের বাধ্যবাধকতাও অন্তর্ভুক্ত রয়েছে।
ইইউ স্পষ্ট করেছে যে, আইসিজের সিদ্ধান্ত মেনে চলা কোনো ঐচ্ছিক বিষয় নয়, বরং আন্তর্জাতিক আইনের অধীনে এটি একটি বাধ্যতামূলক প্রক্রিয়া। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার স্বার্থে আদালতের স্বাধীনতা ও কর্তৃত্ব সমুন্নত রাখা বর্তমান সময়ে অত্যন্ত জরুরি বলে বিবৃতিতে জানানো হয়। সব পক্ষকে এই রায় অবিলম্বে কার্যকর করার আহ্বান জানিয়ে ইইউ বলেছে, আন্তর্জাতিক পর্যায়ে বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি ও আইনের শাসন প্রতিষ্ঠায় আদালতের ভূমিকার প্রতি তাদের সমর্থন অব্যাহত থাকবে।























