দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে অপশক্তি যে ষড়যন্ত্র করছে, তা রুখে দিতে সব নাগরিককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের পর রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে মানুষ তাদের গণতান্ত্রিক ভোটাধিকার ফিরে পেয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত, যেখানে প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ অধিকার রয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, তাঁর পরিকল্পনায় বাংলাদেশ একটি প্রকৃত কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত হচ্ছে। বর্তমান সরকার দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের কাছে সেবা পৌঁছে দিচ্ছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে সরাসরি আর্থিক সহায়তা প্রদান এবং ইমাম, মুয়াজ্জিন, যাজকসহ ধর্মীয় প্রতিনিধিদের রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করা হচ্ছে, যা অতীতে কখনো দেখা যায়নি।
প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের এই অভূতপূর্ব উন্নয়ন দেখে ষড়যন্ত্রকারীরা সক্রিয় হয়ে উঠেছে। তাই প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে এবং রাষ্ট্রবিরোধী যেকোনো অপতৎপরতা রুখতে দেশবাসীকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। অনুষ্ঠানে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদসহ বৌদ্ধ সম্প্রদায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।






















