কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী একই পরিবারের চারজন নিহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি এলাকার একটি অরক্ষিত রেলক্রসিংয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল, তাঁর বোন কাশিফা জান্নাত, শিশু সাহিল ও পাঁচ মাস বয়সী মাশরুফা। আহতদের মধ্যে রুবেলের স্ত্রী তানিয়া ও কাশিফার স্বামী সাকিল রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, জোহরের নামাজের পর হতাহতরা আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু নিশ্চিত করেন চিকিৎসকরা।
রেলওয়ে পুলিশ ও কক্সবাজার আইকনিক রেলস্টেশন কর্তৃপক্ষ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই রেলক্রসিংয়ে কোনো বেরিকেড বা নিরাপত্তামূলক প্রতিবন্ধক না থাকায় ঝুঁকি নিয়েই যানবাহন চলাচল করে। দীর্ঘদিনের এই অব্যবস্থাপনার কারণেই প্রাণহানির ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের।






















