২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান এক বাণীতে সশস্ত্র বাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে সশস্ত্র বাহিনীর আত্মত্যাগ ও অবদান অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে সেনা, নৌ ও বিমানবাহিনী সম্মিলিতভাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণের সূচনা করেছিল, যা আমাদের বিজয়ের পথকে ত্বরান্বিত করে।
প্রধানমন্ত্রী বলেন, নির্ভীক সাহসিকতা ও শৃঙ্খলার প্রতীক আমাদের সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করে যাচ্ছে। এছাড়া বিশ্বশান্তি রক্ষায় জাতিসংঘ মিশনেও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা পেশাদারিত্বের পরিচয় দিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো জাতীয় সংকটে সশস্ত্র বাহিনীর সদস্যরা জনগণের পাশে দাঁড়িয়ে আস্থার প্রতীকে পরিণত হয়েছেন।
তারেক রহমান আরও বলেন, সাবেক সেনাপ্রধান ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীকে একটি সুশৃঙ্খল ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার ভিত্তি স্থাপন করেছিলেন। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার শাসনামলেও বাহিনীর আধুনিকায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে প্রযুক্তিনির্ভর, গতিশীল ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন অব্যাহত রেখেছে।
প্রধানমন্ত্রী দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন যে, দেশের স্বার্থবিরোধী যেকোনো অপতৎপরতা রুখতে সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্য দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়ে তাদের দায়িত্ব পালন করে যাবেন।






















