অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে পাঁচ দিনের পূর্বনির্ধারিত এই সফরের জন্য তিনি রওনা হন।
সফরকালে জামায়াত আমির অস্ট্রেলিয়া সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। এছাড়া মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীদের আয়োজিত অনুষ্ঠানেও তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে।
জামায়াত আমিরের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিরোধীদলীয় সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান, ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এসএম খালিদুজ্জামান ও বিরোধীদলীয় নেতার এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম। আগামী ২৬ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
বিমানবন্দরে তাঁকে বিদায় জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল ও উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা।

























