আজ ২০ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন। ১৯৬৮ সালের এই দিনে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী তারেক রহমান ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।
তারেক রহমানের শিক্ষাজীবন শুরু হয় ঢাকার শাহীন স্কুল অ্যান্ড কলেজে। পরবর্তীতে রেসিডেনশিয়াল মডেল স্কুল থেকে মাধ্যমিক ও আদমজী কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়াশোনা করেন তিনি। ১৯৮৮ সালে বগুড়ার গাবতলীতে বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে তার আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা শুরু হয়। ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে দলের সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।
২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে কারাবন্দি হন তারেক রহমান। এরপর চিকিৎসার জন্য যুক্তরাজ্যে পাড়ি জমান এবং দীর্ঘ প্রবাসজীবন অতিবাহিত করেন। প্রবাসে থেকেও তিনি বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড ও রাজনৈতিক আন্দোলনে নেতৃত্ব প্রদান অব্যাহত রাখেন। ২০১৮ সালে বেগম খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে ফেরার পরিবেশ তৈরি হয়। ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তিনি সপরিবারে দেশে ফিরে আসেন। তার দেশে প্রত্যাবর্তন ছিল এক ঐতিহাসিক মুহূর্ত। পরবর্তীতে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নেতৃত্বে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত হন।





















