আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। এ ঘটনাকে রাজনৈতিক অসহিষ্ণুতা ও গণতান্ত্রিক পরিবেশের ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করে দলটির নেতারা বলেছেন, আগুন-সন্ত্রাসের মাধ্যমে ফ্যাসিবাদীরা আরও বেশি জনবিচ্ছিন্ন হচ্ছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান।
বিবৃতিতে বলা হয়, বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এ ঘটনা ঘটে। মুখে মাস্ক পরা কয়েকজন দুর্বৃত্ত অটোরিকশায় করে এসে চলন্ত অবস্থায় সেটি থামায়। এরপর তারা বোতলে থাকা দাহ্য পদার্থ মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বলতে শুরু করলে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
দলটির দাবি, কেন্দ্রীয় কার্যালয়ের নৈশপ্রহরীরা সিসিটিভি ক্যামেরায় ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত আগুন নেভানোর ব্যবস্থা করেন। তবে ততক্ষণে গাড়িটির একাংশ পুড়ে যায়।
যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, একটি রাজনৈতিক দলের চেয়ারম্যানের গাড়িতে গভীর রাতে এভাবে অগ্নিসংযোগের চেষ্টা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি রাজনৈতিক অসহিষ্ণুতা, ভীতি প্রদর্শন এবং গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের ওপর সরাসরি আঘাত। এ ধরনের কাপুরুষোচিত হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এবি পার্টিকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না।
তারা আরও বলেন, আগুন-সন্ত্রাস, হামলা কিংবা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে কোনো রাজনৈতিক শক্তিকে দমিয়ে রাখার অপচেষ্টা গ্রহণযোগ্য নয়। পতিত ফ্যাসিবাদী শক্তি দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন তারা।
দেশের গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান নেতৃদ্বয়। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান তারা।
























