রাজধানীর শ্যামলী বাসস্ট্যান্ড এলাকা থেকে চারটি অবিস্ফোরিত ককটেলসহ মো. রাসেল (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাঁর সঙ্গে থাকা আরও দুজন পালিয়ে যান।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেন।
জুয়েল রানা জানান, শ্যামলী বাসস্ট্যান্ড এলাকায় ডিএমপির নিয়মিত চেকপোস্ট চলাকালে মোটরসাইকেলে থাকা তিন সন্দেহভাজনকে থামার সংকেত দেওয়া হয়। এ সময় তাঁরা মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করেন। তখন মো. রাসেলকে হাতেনাতে আটক করা হয়। তাঁর কাছ থেকে চারটি তাজা ককটেল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতার রাসেল পেশায় একজন প্রাইভেটকার চালক। তাঁকে আদাবর থানায় নেওয়া হয়েছে এবং এ ঘটনায় বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে পরবর্তী সময়ে আরও তথ্য জানানো হবে বলে জানান এডিসি জুয়েল রানা।






















