আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বুধবার দিনগত রাত ৩টার দিকে রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এই ঘটনা ঘটে।
পার্টির পক্ষ থেকে জানানো হয়, মাস্ক পরিহিত কয়েকজন দুর্বৃত্ত অটোরিকশায় এসে চেয়ারম্যানের গাড়িতে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। কার্যালয়ের নৈশপ্রহরীরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হলেও গাড়িটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়।
নেতৃদ্বয় এক যৌথ বিবৃতিতে বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই কাপুরুষোচিত হামলা চালানো হয়েছে। এটি গণতান্ত্রিক পরিবেশের ওপর সরাসরি আঘাত। তারা আরও অভিযোগ করেন, পতিত ফ্যাসিবাদী শক্তি দেশকে অস্থিতিশীল করতে এই আগুন-সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। অবিলম্বে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।






















