পাবনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে রাজধানী ঢাকার সঙ্গে সরাসরি ট্রেন যোগাযোগ চালু হয়েছে। ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামে এক জোড়া নতুন আন্তনগর ট্রেন চালুর মাধ্যমে ঢাকা-পাবনা রুটে নতুন অধ্যায়ের সূচনা হলো। পাবনা রেলস্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে এই আন্তনগর ট্রেন চলাচলের উদ্বোধন করেন রেলপথ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেলপথ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলাম বলেন, পাবনা অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে স্থানীয় জনগণের দাবিগুলোকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান পাবনা-ঢাকা সরাসরি রেল যোগাযোগ নিশ্চিত করতে বিশেষ দিকনির্দেশনা দিয়েছেন। পাশাপাশি পাবনাবাসীর বহুল প্রতিক্ষীত ওয়াই-টাইপ দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই ও নকশা প্রণয়নের কাজ দ্রুত এগিয়ে চলছে।
রেলপথের আধুিনকীকরণ নিয়ে মন্ত্রী জানান, নতুন বহরের ক্যারেজ দিয়ে এই রুটে ট্রেন সেবা চালু করা হয়েছে। পর্যায়ক্রমে আরও ক্যারেজ ও নতুন লোকোমোটিভ সংগ্রহ করে সারাদেশের রেল যোগাযোগকে আধুনিক ও সাশ্রয়ী করার উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আলী আজগর লবী।






















