শিরোপার স্বপ্ন নিয়ে এশিয়া কাপ রাইজিং স্টার্সের মিশনে নেমে শুরুতেই প্রতিপক্ষকে রীতিমতো উড়িয়ে দিয়ে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। দোহায় হংকংয়ের বিপক্ষে ব্যাটে-বলে দাপট দেখিয়ে ৮ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে সাইফ হাসানের দল। বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সের পর অধিনায়ক সাইফ ও ইয়াসির আলীর তান্ডবে ৯ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা।
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়া অধিনায়ক সাইফ হাসানের আস্থার প্রতিদান দিয়ে শুরু থেকেই হংকংয়ের ব্যাটিং লাইনআপে আঘাত হানেন বাংলাদেশের বোলাররা। দলীয় ৫২ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে হংকং। জিসান আলীকে ফিরিয়ে প্রথম আঘাত হানেন সাইফ নিজে। এরপর বাবর হায়াতকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তরুণ পেসার ইকবাল হোসেন ইমন এবং রিয়ানশ শর্মাকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট নেন অধিনায়ক।
শুরুতে বিপর্যয়ে পড়লেও চতুর্থ উইকেটে প্রতিরোধ গড়ে তোলেন ওপেনার আংশুমান রাত ও আইজাজ খান। দুজনের ১২৮ রানের জুটিতে লড়াইয়ে ফেরে হংকং। আংশুমান ৭৭ ও আইজাজ ৬৭ রান করে বিদায় নেওয়ার পর শেষদিকে ফের ম্যাচের নিয়ন্ত্রণ নেন বাংলাদেশের বোলাররা। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৯ রান তুলতে সক্ষম হয় হংকং। বাংলাদেশের পক্ষে ইকবাল হোসেন ইমন ৩৩ রানে ৩টি উইকেট নেন। এছাড়া সাইফউদ্দিন, রুবেল, রাকিবুল ও সাইফ একটি করে উইকেট শিকার করেন।
২২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ২৩ রানে ওপেনার পারভেজ হোসেন ইমনের উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে শাহাদাত হোসেন (৪৩) ও সাইফ হাসানের ৮৪ রানের জুটি বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেয়। এরপর ক্রিজে এসে অধিনায়কের সঙ্গে যোগ দেন ইয়াসির আলী। এই দুই ব্যাটারের অবিচ্ছিন্ন ১১৩ রানের তাণ্ডবে ম্যাচ থেকে ছিটকে যায় হংকং। সাইফ ১১৬ বলে ৮৬ রানে এবং ইয়াসির মাত্র ৫১ বলে ৭১ রানে অপরাজিত থেকে ৪১তম ওভারেই জয় নিশ্চিত করেন।


























