ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলা চালানোর জন্য মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জোর তৎপরতা চালিয়েছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যান। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে তিনি এ বিষয়ে তৎপরতা চালান বলে জানিয়েছেন এ বিষয়ে অবগত দুই ব্যক্তি। মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওই দুই ব্যক্তি জানান, ওয়াশিংটনে সফরকালে গোফম্যান যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক জন র্যাটক্লিফসহ ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় মোসাদপ্রধান তাঁদের কাছে ইরান সম্পর্কে ইসরায়েলের গোয়েন্দা তথ্য তুলে ধরেন।
ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গোফম্যান মিয়ামিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। উইটকফ ইরান ও ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতায় ভূমিকা রাখছেন।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়া ঠেকাতে মধ্যস্থতাকারী কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন ট্রাম্প। এরপর গত ৯ নভেম্বর ইরানে হামলা স্থগিত রাখার ঘোষণা দেন তিনি। এর পরপরই গোফম্যানের যুক্তরাষ্ট্র সফর অনুষ্ঠিত হয়।
এই কূটনৈতিক প্রচেষ্টার সঙ্গে যুক্ত তৃতীয় এক ব্যক্তি জানিয়েছেন, প্রতিশোধ হিসেবে উপসাগরীয় আরব দেশগুলোতে হামলা চালানোর বিষয়ে তেহরানের দেওয়া হুমকি বাস্তবায়িত হতে পারে বলে আশঙ্কা করছেন ওই অঞ্চলের নেতারা। এ কারণে তাঁরা ট্রাম্পের সঙ্গে কথা বলে ইরানে হামলা না চালানোর অনুরোধ জানিয়েছেন।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা আবার শুরু হলে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি দুই মিত্র দেশের যৌথ হামলার মধ্য দিয়ে এই সংঘাতের সূচনা হয়। ওই হামলায় ইরানের শীর্ষ নেতা নিহত হন। এর জবাবে ইরান যুক্তরাষ্ট্রের মিত্র উপসাগরীয় আরব দেশগুলোতে হামলা চালায়।
এদিকে, গত মাসে অনুষ্ঠিত এক ঝুলন্ত নির্বাচনের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ক্ষমতা হারানোর ঝুঁকিতে রয়েছেন। এমন রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই ইরান ইস্যুতে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মোসাদপ্রধান গোফম্যান।
বর্তমানে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা নেতানিয়াহুর বিরুদ্ধে তাঁর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা অভিযোগ করেছেন, দুর্বল রাজনৈতিক অবস্থান কাটিয়ে উঠতে তিনি সংঘাত বাড়ানোর চেষ্টা করছেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন নেতানিয়াহু।
মোসাদের গণমাধ্যম-সংক্রান্ত বিষয় দেখভালের দায়িত্বে থাকা নেতানিয়াহুর কার্যালয় এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
অন্যদিকে, হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, ওয়াশিংটনের অর্থনৈতিক চাপ সৃষ্টির অভিযান ইরানের জন্য এতটাই বিধ্বংসী যে সেখানে বড় ধরনের সামরিক অভিযানের প্রয়োজন নেই। তিনি আরও বলেন, ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে, তা নিশ্চিত করতে প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে
























