প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রাকৃতিক সম্পদ ও সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। ভবিষ্যতে দেশের সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করার দায়িত্ব তরুণ প্রজন্মকেই নিতে হবে।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, শিগগিরই জাতীয় সংসদ ভবনকে পুরোপুরি সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে এবং পর্যায়ক্রমে দেশের বাসাবাড়িতেও সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে। গ্যাস ও কয়লার পাশাপাশি সৌরবিদ্যুতের ব্যবহার নিশ্চিত করা গেলে ভবিষ্যতে বিদ্যুৎ নিয়ে দুশ্চিন্তা অনেকটাই দূর হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সরকার শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করেছে। এসব সুযোগ কাজে লাগিয়ে নিজেদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে। তিনি শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজির পাশাপাশি অন্তত একটি তৃতীয় ভাষা শেখার পরামর্শ দেন।
এদিন সংসদ ভবন পরিদর্শনকারী শিক্ষার্থীদের মধ্যে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ, ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব পিরোজপুর এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।





















