চট্টগ্রাম নগরের হালিশহরে জেলা পুলিশ লাইনের সামনে থেকে চুরি হওয়া পুলিশের পিকআপ ভ্যানটি উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে কর্ণফুলী থানার ফকিন্নির হাট বাজার এলাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয়। তবে গাড়িটি ফেলে রেখে পালিয়ে গেছেন চোর।
নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার দুপুর পৌনে ৩টার দিকে ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনের সামনে সড়কের পাশে পিকআপ ভ্যানটি রেখে পুলিশ সদস্যরা পাশের একটি রেস্টুরেন্টে দুপুরের খাবার খেতে যান। এ সময় এক ব্যক্তি গাড়িতে উঠে সেটি নিয়ে পালিয়ে যান।
তিনি আরও বলেন, সন্ধ্যা ছয়টার দিকে কর্ণফুলী থানার ফকিন্নির হাট বাজার এলাকা থেকে পিকআপটি উদ্ধার করা হয়েছে। সেখানে গাড়িটি ফেলে রেখে চোর পালিয়ে গেছেন।
এর আগে পুলিশ সদস্যরা আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখতে পান, এক ব্যক্তি গাড়িতে উঠে দ্রুত সেটি নিয়ে পালিয়ে যাচ্ছেন।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল বলেন, তদন্ত করে ঘটনার বিষয়ে বিস্তারিত জানানো হবে।


























