বুধবার (১৮ নভেম্বর) কেমেরোভোর আঞ্চলিক রাজধানীর দক্ষিণে ইয়াগুনোভো গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। রুশ সংবাদমাধ্যম ইজভেস্তিয়ার বরাতে দ্য কাস্পিয়ান পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বিধ্বস্ত হওয়ার ঠিক আগমুহূর্তে আকাশে থাকা অবস্থায় বিমানটিতে আগুন ধরে যায়। একপর্যায়ে এটি দ্রুতগতিতে নিচের দিকে নামতে থাকে এবং মাটিতে আছড়ে পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়।
কেমেরোভোর গভর্নর ইলিয়া সেরেদিউক সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ইয়াগুনোভো এলাকায় একটি ‘বিমান দুর্ঘটনার’ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তিনি নিজে দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন এবং সেখানে জরুরি সেবা সংস্থার কর্মীরা উদ্ধার ও প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছেন।
গভর্নর আরও বলেন, আঞ্চলিক প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। পরবর্তী এক ভিডিও বার্তায় তিনি জানান, দুর্ঘটনার আগে বিমানটি ওই অঞ্চলের আকাশসীমা অতিক্রম করছিল।
তবে এই প্রাণঘাতী দুর্ঘটনার বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

























