রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং শব্দদূষণ রোধে মোটরযান মালিক ও চালকদের প্রতি কঠোর নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। যানবাহনে ব্যবহৃত সব ধরনের অনুমোদনহীন হাইড্রোলিক হর্ন, হুটার ও বিকন লাইট আগামী ১ ডিসেম্বরের মধ্যে খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত এই সময়সীমার পর কোনো গাড়িতে এসব সরঞ্জাম পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ।
রাজধানীর বিভিন্ন যানবাহনে অনুমোদন ছাড়াই উচ্চশব্দের হাইড্রোলিক হর্ন, হুটার ও বিকন লাইট ব্যবহার করা হচ্ছে। এর ফলে নগরীতে শব্দদূষণের মাত্রা আশঙ্কাজনকভাবে বাড়ছে এবং স্বাভাবিক ট্রাফিক ব্যবস্থাপনায় মারাত্মক বিঘ্ন ঘটছে।
ডিএমপি আরও জানায়, এসব সরঞ্জামের বিকট শব্দ নগরবাসীর জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে।জনস্বার্থে জারি করা এই নির্দেশনায় বলা হয়েছে, গাড়ির মালিক ও চালকদের নিজ দায়িত্বে আগামী ১ ডিসেম্বরের মধ্যে এসব অবৈধ সরঞ্জাম অপসারণ করতে হবে। সময়সীমা শেষ হওয়ার পর সড়কে অভিযান চালিয়ে কোনো যানবাহনে এসব সরঞ্জাম পাওয়া গেলে বা ব্যবহার করতে দেখা গেলে সংশ্লিষ্ট মালিক ও চালকদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।





















