গত তিন বছরে মূল্যস্ফীতি ২৬ শতাংশের বেশি বাড়লেও তৈরি পোশাকশ্রমিকদের মজুরি সেই অনুপাতে বাড়েনি বলে অভিযোগ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, শ্রমিকদের জন্য জাতীয় ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। শ্রমিকদের আন্দোলন যৌক্তিক হলেও সরকার তা যথাযথভাবে মোকাবিলা করতে পারছে না।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে তৈরি পোশাকশিল্প খাতের শ্রমিক অসন্তোষ ও জ্বালানি সংকট নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, তৈরি পোশাকশিল্পের মালিকদের কাছ থেকে বিভিন্ন পর্যায়ে ‘উপহার’ ও ‘প্রটেকশন মানি’ আদায় করা হচ্ছে এবং জ্বালানি সংকটকে পুঁজি করে দুর্নীতি চলছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই আন্দোলনকে ব্যবহার করে দেশের অর্থনীতি অস্থিতিশীল করার চেষ্টা হলে তার দায় সরকারকে নিতে হবে।
তিনি আরও বলেন, গত তিন বছরে সৃষ্ট সমস্যার জন্য পূর্ববর্তী আওয়ামী লীগ সরকার দায়ী হলেও বর্তমান সরকারের অব্যবস্থাপনার কারণে সেই সমস্যার ধারাবাহিকতা রয়ে গেছে। বর্তমানে ঢাকা শহরে চার সদস্যের একটি পরিবারের মাসিক খাবারের খরচ ১২ থেকে ১৬ হাজার টাকা, অথচ শ্রমিকদের সর্বনিম্ন মজুরি মাত্র ১২ হাজার টাকা। এমন পরিস্থিতিতে শ্রমিকদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে।
মজুরি বোর্ডের বৈঠক না হওয়ার সমালোচনা করে তিনি বলেন, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বাড়লেও মজুরি বোর্ড কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। এছাড়া ব্যবসা পরিচালনার ক্ষেত্রে কাস্টমস, ভ্যাট ও ট্যাক্সসহ বিভিন্ন দপ্তরে মালিকদের হয়রানির শিকার হতে হয় এবং প্রতিটি পর্যায়ে ‘উপহার’ বা ঘুষ দিতে হয় বলে তিনি মন্তব্য করেন।
























