গোপালগঞ্জে ধারাবাহিকভাবে অস্থিরতা, নাশকতা ও বিশৃঙ্খল কর্মকাণ্ড চলছে বলে অভিযোগ করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি সতর্ক করে বলেছেন, আগামী ১৯ নভেম্বরকে কেন্দ্র করে সেখানে বড় ধরনের নাশকতার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে তথ্য পাওয়া গেছে। এমন পরিস্থিতি প্রতিরোধে আর বসে থাকার সুযোগ নেই এবং এর কঠোর প্রতিকার প্রয়োজন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের কার্যক্রমে কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধি অনুসারে আনা প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই জেলায় গত কয়েক দিন ধরে অস্থিরতা চলছে। মঙ্গলবার টুঙ্গিপাড়া থানায় মাইকে ঘোষণা দিয়ে ঘেরাও, হামলা, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটপাটের ঘটনা ঘটেছে, যেখানে পুলিশ আত্মরক্ষার্থে পিছু হটতে বাধ্য হয়েছে।
তিনি আরও জানান, গোপালগঞ্জের প্রশাসনিক ও পুলিশি কাঠামোতে পরিবর্তন আনা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং কয়েকজন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি করা হলেও অস্থিরতা থামেনি। গোপালগঞ্জের ভৌগোলিক অবস্থানের কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলার যোগাযোগ ব্যবস্থা ঝুঁকির মুখে পড়েছে বলে তিনি উল্লেখ করেন।
বিরোধীদলীয় নেতা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সরকারি স্থাপনা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তিনি বলেন, আগামী ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা সম্পর্কে সরকারের কাছে আগাম তথ্য থাকার কথা। এমন পরিস্থিতিতে জাতিকে আশ্বস্ত করতে এবং সংসদকে অবহিত করতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান। এছাড়া তৈরি পোশাকশিল্পের অস্থিরতা নিয়েও তিনি সংসদে উদ্বেগ প্রকাশ করেন।























