প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার প্রথমবারের মতো লালমনিরহাট সফরে আসছেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তিস্তা, ধরলা ও সানিয়াজান নদীপাড়ের মানুষের দাবি, প্রধানমন্ত্রীর এই সফরে জেলার দীর্ঘদিনের ছয়টি গুরুত্বপূর্ণ দাবি পূরণে তিনি ইতিবাচক ঘোষণা দেবেন।
জেলাবাসীর প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, পরিত্যক্ত লালমনিরহাট বিমানবন্দর ও মোগলহাট স্থলবন্দর পুনরায় চালু, সদর উপজেলার মহেন্দ্রনগরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, বুড়িমারী মহাসড়ক চার লেনে উন্নীতকরণ এবং বুড়িমারী রুটে যাত্রী ও পণ্যবাহী ট্রেন চালু। পাশাপাশি স্থানীয়রা ভুট্টাজাত শিল্পকারখানা প্রতিষ্ঠার দাবিও জানিয়েছেন।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুর বিভাগের আট জেলার মানুষ দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। স্থানীয়দের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর জনসভা থেকে এই প্রকল্পের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা করা হবে। এছাড়া বিমানবন্দর ও স্থলবন্দর চালুর মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ও নতুন কর্মসংস্থানের স্বপ্ন দেখছেন জেলাবাসী।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানান, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম সফরকে স্মরণীয় করে রাখতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা। জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান নিশ্চিত করেছেন যে, প্রধানমন্ত্রীর সফর সফল করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হয়েছে।
























