ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে সরকার তার আগের অবস্থানেই অনড় রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর। সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত মুসলিম এইড ইউকে-এর একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দণ্ডিত আসামি শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট। প্রত্যর্পণ নিয়ে এর আগে যা বলা হয়েছে, সেটিই সরকারের চূড়ান্ত অবস্থান।
যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ও অ্যাকসিলারেট এনার্জির উপদেষ্টা পিটার হাসের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, বৈঠকে মূলত দুই দেশের ব্যবসা-বাণিজ্য ও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
অনুষ্ঠানে প্রায় ১৯ হাজার প্রশিক্ষণার্থীর কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) গ্র্যাজুয়েশন সম্পন্ন হয়। দক্ষতা উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রশিক্ষণই শেষ কথা নয়; বরং অর্জিত দক্ষতাকে কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি ও টেকসই আয়ের সুযোগে রূপান্তর করতে হবে। প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য অর্থবহ কর্মসংস্থান নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে শক্তিশালী সমন্বয় প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।
























