জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের ফলাফল সুনির্দিষ্ট তথ্য ও পরিমাপযোগ্য অর্জনের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। তিনি জানান, বর্তমান সরকার প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে অত্যন্ত আন্তরিক এবং বাস্তবমুখী কার্যক্রম পরিচালনায় বদ্ধপরিকর।
সোমবার (১৬ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় কপ৩১ সম্মেলনের বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘স্থানীয় নেতৃত্বে অভিযোজন ও কৃষি-খাদ্যব্যবস্থার রূপান্তরে জলবায়ু অর্থায়ন ত্বরান্বিত করা’ শীর্ষক এই অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ড. সাইমুম পারভেজ বলেন, সরকার শুধু পরিকল্পনা বা প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় না, বরং কাজের মাধ্যমে দৃশ্যমান পরিবর্তন নিশ্চিত করতে চায়। তিনি আরও বলেন, সরকার এমনভাবে উন্নয়ন পরিকল্পনা সাজাচ্ছে যাতে পাঁচ বছর পর জনগণ সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সরকারের কার্যক্রম মূল্যায়ন করতে পারে এবং সেই মূল্যায়নের ওপর ভিত্তি করেই পরবর্তী নির্বাচনের সিদ্ধান্ত নিতে পারে।
অনুষ্ঠানে জলবায়ু-সহিষ্ণু কৃষি ব্যবস্থা গড়ে তোলা এবং স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি। অনুষ্ঠানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম সোহেলসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
























