প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী বলেছেন, পরিচ্ছন্ন রাজনীতির পাশাপাশি সামাজিক মূল্যবোধ ফিরিয়ে আনতে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৪ নভেম্বর) বিকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
সালেহ শিবলী বলেন, রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে প্রধানমন্ত্রী নিজ কার্যালয়ের কর্মকর্তাদের নেতৃত্বে ২০টি অঞ্চলে ভাগ করে যে কার্যক্রম শুরু করেছিলেন, সেটির অগ্রগতি তিনি জানতে চেয়েছিলেন। সেখানে বেশকিছু সিদ্ধান্ত হয়েছে।
তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী যেমন পরিচ্ছন্ন রাজনীতি করছেন, একাধারে আমাদের পারিবারিক-সামাজিক মূল্যবোধগুলো ফিরিয়ে আনতেও তিনি কাজ করছেন। একইসঙ্গে কীভাবে আমাদের পরিবেশ পরিচ্ছন্ন রাখা যায়, সে বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, আমরা মনে করি, অনেক সময় রাজনৈতিক সিদ্ধান্তগুলো সেনসিটিভ এবং খুবই গুরুত্বপূর্ণ মনে হয়। কিন্তু এমন কিছু বিষয় আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে, যেগুলো আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত। তাই এসব বিষয় আমরা গণমাধ্যমকে জানানোর প্রয়োজনীয়তা অনুভব করছি। কারণ আমাদের দৈনন্দিন সিদ্ধান্ত আমাদের জীবন ও মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে। এমন একটি হচ্ছে, পরিবেশ পরিচ্ছন্ন রাখা।
সংবাদ সম্মেলনে আরও ছিলেন– প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক প্রশাসন ওয়াহাদু চৌধুরী এবং উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।























