ইতালির রাজধানী রোমে বৃষ্টির ঝিরিঝিরি উপেক্ষা করে অনুষ্ঠিত হলো বাংলা সাহিত্য ও সংস্কৃতির উৎসব ‘কবিতা সন্ধ্যা’। গত ৬ নভেম্বর রোমের তোরপিনাত্তারার ‘কাসা দেল্লা কুলতুরা’য় এই উৎসবের দ্বিতীয় আসর বসে।
‘শান্তালিয়া কালচার অ্যান্ড ট্রাভেল’-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ও হেড অব চ্যান্সারি মো. মারজুক ইসলাম, মিউনিসিপিও ফাইভের প্রেসিডেন্ট মাউরো কালিসতেসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলা কবিতা আবৃত্তি, সংগীত, মঞ্চনাটক ও নৃত্য পরিবেশনায় অংশ নেন বাংলাদেশ ও ইতালির শিল্পীরা। বিশেষ করে সুষ্মিতা সুলতানা ও ‘সঞ্চারী সংগীতায়ন’-এর পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। আয়োজকদের লক্ষ্য হলো, বাংলা সাহিত্যকে ইতালীয় ভাষায় অনুবাদের মাধ্যমে দুই সংস্কৃতির মধ্যে সেতুবন্ধন তৈরি করা।
প্রবাসী বাংলাদেশিদের সৃজনশীলতা বিকাশে এবং বাংলা সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন উপস্থিত অতিথিরা।


























