সৌদি আরবের জেদ্দায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশুসহ সাতজন বাংলাদেশি নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও অন্তত ১৫ জন বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। নিহত ও আহতরা সবাই মদিনা জিয়ারত শেষে জেদ্দায় ফিরছিলেন।
শনিবার (৭ নভেম্বর) মদিনা-জেদ্দা মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের দায়িত্বশীল কর্মকর্তাদের সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
কনস্যুলেট কর্মকর্তারা জানান, যাত্রীবাহী গাড়িটি মদিনা থেকে জেদ্দার দিকে যাওয়ার পথে মহাসড়কে নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই শিশু ও নারীসহ সাতজন প্রাণ হারান। নিহতদের সবাই সৌদি আরবের ‘আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানি’র সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন এবং তাঁদের বাড়ি বাংলাদেশের কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়।
প্রতিষ্ঠানটির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামান জানান, নিহতদের মধ্যে কোম্পানির স্টোরকিপার জিয়াউর রহমান, তাঁর দুই ছেলে ও এক মেয়ে, ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রী এবং মক্কায় কর্মরত স্টোরকিপার আলমশাহ ও তাঁর এক মাস বয়সী শিশুকন্যা রয়েছেন।
ঘটনার খবর পেয়ে সৌদি আরবের উদ্ধারকারী দল ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠায়। আহতদেরও দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কনস্যুলেট সূত্রে জানা গেছে, আইনি ও প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করে নিহতদের মরদেহ দ্রুত দেশে স্বজনদের কাছে পাঠাতে দূতাবাসের পক্ষ থেকে সব ধরনের সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে।


























