দিনাজপুরের বিরল সীমান্তে অভিযান চালিয়ে ১ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এই অভিযান পরিচালনা করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার সকালে ৪২ বিজিবির পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এনায়েতপুর বিওপির একটি বিশেষ দল বিরল উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে মাদক পাচার রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। চোরাকারবারিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে গোয়েন্দা অনুসন্ধান অব্যাহত রয়েছে।
























