গাইবান্ধা সদর উপজেলায় বহুমাত্রিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণচেষ্টার মামলায় তাহিদ হাজি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে গাইবান্ধা সদর থানা সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তাহিদ হাজি সদর উপজেলার কুপতলা গ্রামের মৃত হযরত আলীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে কুপতলা গ্রামের দুই সন্তানের জননী ওই নারী বাড়ির পাশের তাহিদ হাজির নার্সারিতে খড়ি কুড়াতে যান। এ সময় তাকে একা পেয়ে তাহিদ পেছন থেকে জাপটে ধরেন এবং শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানির চেষ্টা করেন বলে অভিযোগ করেছেন ওই নারীর স্বামী। একপর্যায়ে নিজেকে রক্ষা করে বাড়িতে ফিরে কান্না ও ইশারার মাধ্যমে স্বামী এবং শাশুড়িকে বিষয়টি জানান ওই নারী।
এজাহারে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত তাহিদ হাজি আগে থেকেই ওই নারীর স্বামীর অনুপস্থিতিতে তাদের বাড়িতে যাতায়াত করতেন। এ সময় তিনি ইশারা-ইঙ্গিত ও অঙ্গভঙ্গির মাধ্যমে ওই নারীকে উত্ত্যক্ত করতেন এবং কুপ্রস্তাব দিতেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ওই নারীর স্বামী আশরাফুল ইসলাম বাদী হয়ে গত ৪ অক্টোবর তাহিদ হাজির বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় ধর্ষণচেষ্টার মামলা করেন।
গাইবান্ধা সদর থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বহুমাত্রিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণচেষ্টার মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
























