বর্জ্যকে কেবল আবর্জনা হিসেবে না দেখে সেটিকে সম্পদ, শক্তির উৎস এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি বর্জ্য ব্যবস্থাপনা ও দূষণ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১ চলাকালে রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণীদের এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকটি আয়োজনের জন্য তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানকে ধন্যবাদ জানিয়ে ডা. জুবাইদা রহমান বর্জ্যমুক্ত কর্মসূচি এগিয়ে নিতে তাঁর নেতৃত্বের প্রশংসা করেন।
ডা. জুবাইদা রহমান বলেন, বাংলাদেশ গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্সকে পূর্ণ সমর্থন জানায়। পরিবেশ সুরক্ষা, জনস্বাস্থ্য নিশ্চিতকরণ ও টেকসই ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে বর্তমান সরকারের লক্ষ্য ও এই জোটের উদ্দেশ্য অভিন্ন। তিনি জানান, বাংলাদেশ সরকার বর্জ্য হ্রাস, পুনর্ব্যবহার ও পুনঃপ্রক্রিয়াজাতকরণ (থ্রি-আর) নীতি কার্যকর করতে কাজ করছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের এনডিসি ৩.০ অনুযায়ী ২০৩৫ সালের মধ্যে বর্জ্য খাত থেকে ১ দশমিক ৭৮ মিলিয়ন টন গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ঢাকায় একটি বৃহৎ ওয়েস্ট-টু-এনার্জি প্রকল্প বাস্তবায়নের কথা উল্লেখ করে তিনি জানান, এর মাধ্যমে প্রতিদিন ৩ হাজার টন গৃহস্থালি বর্জ্য থেকে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। এছাড়া প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও তিনি জানান।




















