গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতাকর্মীরা আর বাংলাদেশে ফিরতে পারবেন না এবং রাজনীতি করার সুযোগ পাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। জার্মানি থেকে হিটলারের নাৎসি বাহিনীর সদস্যদের পালিয়ে যাওয়ার ঐতিহাসিক উদাহরণ টেনে তিনি এ মন্তব্য করেন।
বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, সীমান্তের ওপার থেকে পলাতক ফ্যাসিস্ট নেত্রী অডিও ও ভিডিও কলে দলের নেতাদের জুলাই আন্দোলনকারীদের তালিকা তৈরি এবং তাঁদের ঘরবাড়ি ভেঙে দেওয়ার নির্দেশ দিচ্ছেন। দেশে ফিরলে জুলাইযোদ্ধাদের চরম শিক্ষা দেবেন বলেও তিনি হুমকি দিচ্ছেন।
‘সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়া হচ্ছে’—বিরোধীদলীয় নেতার এমন বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বিভিন্ন সময়ে ঢাকায় একটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের গোপন বৈঠকের সঙ্গে এই উসকানির কোনো সম্পর্ক আছে কি না, তা জনগণ জানতে চায়।





















