সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী মিনাটিলা এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ দুই ভারতীয় খাসিয়া নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১১ নভেম্বর) দুপুরে বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) টহল দল তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন ভারতীয় খাসিয়া নাগরিক বাতিম তুতা (২৮) ও টেম্পো (২০)।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার দুপুরে মিনাটিলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১২৮২/১০-এস এবং ১২৮২/৯-এস-এর মধ্যবর্তী এলাকা দিয়ে শূন্যরেখা অতিক্রম করে ওই দুই ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। মিনাটিলা এলাকার একটি আনারস বাগানে তাদের অবস্থান করতে দেখে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে তারা ধরা পড়েন। এ সময় তাদের কাছ থেকে একটি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি, দুটি দা এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, অবৈধভাবে অস্ত্রসহ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করায় আটক দুই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
























