ঢাকার ধামরাইয়ে বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ছয়টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অনিয়মের দায়ে পাঁচটি ক্লিনিকের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার ধামরাই পৌর শহরের ইসলামপুর ও কালামপুর এলাকায় জেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসন যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফাহিম শাহরিয়ার।
আদালত সূত্রে জানা যায়, আল-মদিনা স্কয়ার হাসপাতাল, ইসলামপুর জেনারেল হাসপাতাল, পপুলার ডায়াগনস্টিক সেন্টার এবং আলাদীনস জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার এবং কালামপুর হারুণ জেনারেল হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

























