ঘুষ দাবির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তদন্ত ও শৃঙ্খলা পরিদপ্তর উপ-পরিচালক-১ মো. বনি আমিন স্বাক্ষরিত চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর একই কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল হলে তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছিল।
ইফতে খাইরুল ইসলামের বরখাস্তের চিঠিতে উল্লেখ করা হয়, বিদ্যুৎ সংযোগ অথবা মিটার প্রদান সংক্রান্ত বিষয়ে গ্রাহকের কাছে ঘুষ হিসেবে নগদ অর্থ গ্রহণের ভিডিও ক্লিপ গণমাধ্যমে প্রচারিত হওয়ায় চাকরি বিধিমালা ১৯৮২-এর ১৪১ নং বিধি মোতাবেক এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি নিয়ন্ত্রণকারী কর্মকর্তার পূর্বানুমতি ব্যতিরেকে কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।
ভাইরাল হওয়া ১ মিনিট ৫৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুল এক সেবাগ্রহীতার কাছে বিদ্যুৎ মিটারের বিপরীতে ৫ হাজার টাকা দাবি করছেন। একপর্যায়ে দরকষাকষি শেষে ৩ হাজার টাকা গ্রহণ করেন তিনি। তবে অভিযোগ অস্বীকার করে ইফতে খাইরুল ইসলাম দাবি করেছেন, তিনি কোনো ধরনের অবৈধ টাকার লেনদেন করেননি।























