নীতিকে আলোচনার টেবিল থেকে সাধারণ মানুষের জীবনে প্রয়োগের স্বীকৃতিস্বরূপ প্রথমবারের মতো ‘আইআইডি পলিসি অ্যাকশন অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। গবেষণা, আইনি লড়াই, গণমাধ্যমের বলিষ্ঠ প্রতিবেদন, তথ্য অধিকারের ব্যবহার এবং পাইলট প্রকল্পের মাধ্যমে নীতিগত পরিবর্তনে বিশেষ ভূমিকা রাখায় পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই সম্মাননা দেওয়া হয়।
মঙ্গলবার রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ইনস্টিটিউট ফর ইনফরমড ডেভেলপমেন্ট (আইআইডি) আয়োজিত দুই দিনব্যাপী ‘পলিসি সামিট ২০২৬’-এর উদ্বোধনী দিনে এই পুরস্কার প্রদান করা হয়। ইয়ুথ ফর পলিসির (ওয়াইএফপি) সহ-আয়োজনে এবারের সামিটের মূল প্রতিপাদ্য ছিল ‘শিখন: ভিত্তি থেকে ভবিষ্যৎ’।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), প্রথম আলোর সাংবাদিক নাজনীন আখতার ও শাহাদৎ হোসেন, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) বাবল সিপ্যাপ দল, গোলাম ইসহাক খান এবং হাইসাওয়া।
অনুষ্ঠানে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান বলেন, গবেষণালব্ধ তথ্যপ্রমাণকে নীতিমালায় রূপান্তর করতে হলে নাগরিক সমাজ ও গবেষণাপ্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। দেশে অনেক ছোট ছোট উদ্যোগ সফল হলেও সেগুলোর সম্মিলিত কণ্ঠস্বরের অভাব রয়েছে।























