জ্বালানি তেল পরিমাপে জালিয়াতি ও ভোক্তাদের সাথে প্রতারণা রোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বুধবার রাজধানীর তিনটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে ১১টি ডিসপেন্সিং ইউনিটের মধ্যে চারটিতে ওজনে কম দেওয়ার প্রমাণ পাওয়া গেছে।
অভিযানে মালিবাগ অটো সার্ভিস, টিকাটুলির এ হাই এন্ড কোং এবং খিলগাঁওয়ের কিকো পেট্রোলিয়াম এন্ড এলপিজি ফিলিং স্টেশনে নির্ধারিত পরিমাণের চেয়ে তেল কম দেওয়ার তথ্য উঠে আসে। কোনো কোনো ক্ষেত্রে প্রতি ১০ লিটারে ১৩০ মিলিলিটার পর্যন্ত তেল কম পাওয়া গেছে।
বিএসটিআইয়ের উপপরিচালক (মেট্রোলজি) মো. লুৎফর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। সংস্থাটি জানিয়েছে, জ্বালানি তেল বিক্রিতে কারচুপি ও ভোক্তাস্বার্থবিরোধী কর্মকাণ্ড রোধে বিএসটিআইয়ের নজরদারি ও সার্ভিল্যান্স কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

























