অভিনয়ে অনেক দিন ধরেই অনিয়মিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তবে অভিনয় থেকে দূরে থাকলেও নিজের মতো করে জীবন উপভোগ করছেন তিনি। বিশেষ করে ভ্রমণের প্রতি তার আলাদা ভালোবাসা রয়েছে। কখনো পরিবার, কখনো বন্ধুদের সঙ্গে, আবার কখনো একাই বেরিয়ে পড়েন নতুন কোনো জায়গা আবিষ্কারের নেশায়। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের নানা পর্যটনস্থলেও ঘুরে বেড়াতে দেখা যায় তাকে।
এবার প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হয়ে শ্রীলঙ্কায় সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। গত সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন প্রভা। ছবিগুলোতে কালো পোশাক ও কালো সানগ্লাসে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে তাকে। তবে ছবিগুলোর পেছনের দৃশ্যই বেশি নজর কেড়েছে। পাহাড়, সবুজ প্রকৃতি আর ঐতিহ্যবাহী স্থাপনার মেলবন্ধনে তৈরি এক মনোরম পরিবেশে ক্যামেরাবন্দী হয়েছেন অভিনেত্রী।
প্রভার পোস্ট থেকেই জানা গেছে, ছবিগুলো তোলা হয়েছে শ্রীলঙ্কার বিখ্যাত পর্যটনকেন্দ্র ‘নাইন আর্চ ব্রিজ’-এ। দেশটির পাহাড়ি শহর এলা ও ডেমোদরা রেলস্টেশনের মাঝখানে অবস্থিত এই সেতু পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। ব্রিটিশ ঔপনিবেশিক আমলে নির্মিত এই সেতু তার নয়টি খিলান, স্থাপত্যশৈলী এবং চারপাশের সবুজ পাহাড়ের জন্য পরিচিত। সেতুর ওপর দিয়ে ট্রেন চলাচলের দৃশ্যও পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে।
সেখানেই কখনো সেতুর ওপর বসে, কখনো দাঁড়িয়ে, আবার কখনো পেছনে পুরো সেতুটিকে রেখে ছবি তুলেছেন প্রভা। তার প্রকাশ করা ছবিগুলোতে ভ্রমণের আনন্দের পাশাপাশি প্রকৃতির প্রতি তার ভালো লাগার বিষয়টিও ফুটে উঠেছে। জানা গেছে, অক্টোবরের শেষ দিকেই শ্রীলঙ্কায় ঘুরতে গিয়েছেন অভিনেত্রী। গত ৩০ অক্টোবর দেশটির একটি সমুদ্রসৈকত থেকে ভিডিও বার্তা প্রকাশ করেছিলেন তিনি। সেই ভিডিওতে জানিয়েছিলেন, একাই ঘুরতে বেরিয়েছেন। এবার নাইন আর্চ ব্রিজের ছবি প্রকাশের মধ্য দিয়ে শ্রীলঙ্কা ভ্রমণের নতুন মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন।
অভিনয়ে অনিয়মিত থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভ্রমণ, ব্যক্তিগত উপলব্ধি ও দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত নিয়মিত ভাগ করে নেন প্রভা। এবার শ্রীলঙ্কার নাইন আর্চ ব্রিজে তোলা ছবিগুলো প্রকাশের পর তার ভ্রমণ নিয়েই নতুন করে আলোচনা হচ্ছে।
























