বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন দরিদ্র এলাকার ভিডিও ধারণ করে সেগুলোকে ভারতের রাজধানী নয়াদিল্লির দৃশ্য হিসেবে প্রচারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। মঙ্গলবার (১০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ ঘটনাকে দুর্ভাগ্যজনক ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন।
ব্রিফিংয়ে জয়সওয়াল বলেন, কোনো দেশকে বিকৃতভাবে উপস্থাপন করার এমন অপচেষ্টা গ্রহণযোগ্য নয়। যারা মিথ্যা তথ্য ও কাহিনি প্রচারের সঙ্গে জড়িত, তারা নিজেদের বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করছে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে যে, প্রায় ১৫০ জন চীনা নাগরিক ঢাকার বিভিন্ন এলাকায় ঘুরে ভিডিও ধারণ করছেন এবং সেগুলোকে নয়াদিল্লির দৃশ্য হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছেন। প্রতিবেদনে বলা হয়, চীনা ভ্লগাররা ঢাকার উত্তরা ও টেকপাড়ার মতো এলাকাকে নয়াদিল্লি হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছেন এবং সেখানকার জীবনযাত্রা নিয়ে অবমাননাকর মন্তব্য করছেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, এসব ভিডিও চীনের উইচ্যাট ও ডাউয়িনসহ বিভিন্ন প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। ভিডিও ধারণের সময় অনেক ক্ষেত্রে স্থানীয়দের অনুমতি না নিয়েই তাদের ব্যক্তিগত পরিসরে প্রবেশের অভিযোগ উঠেছে। এছাড়া স্থানীয় কিছু ব্যক্তি অর্থের বিনিময়ে এসব বিদেশি ভ্লগারদের সহায়তা করছেন বলেও জানা গেছে।
উত্তরায় বিদেশি নাগরিকদের ভিডিও ধারণের বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসন খতিয়ে দেখছে। এ ধরনের কর্মকাণ্ডের উদ্দেশ্য কী, তা নিয়ে ইতিমধ্যে জনমনে প্রশ্ন উঠেছে।


























