যুদ্ধবিধ্বস্ত গাজার দক্ষিণ উপকূলীয় আল-মাওয়াসি শিবিরের একটি তাঁবুতে বসে ইউসুফ আল-আস্তালের বাড়ির ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা মোজাইকের খণ্ড পরিষ্কার করছিলেন তরুণ প্রত্নকর্মীরা। ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণে ধ্বংসপ্রাপ্ত ভবনের নিচ থেকে হারিয়ে যেতে বসা বাইজেন্টাইন ও ইসলামি যুগের ঐতিহাসিক প্রত্নবস্তু রক্ষায় এখন এভাবেই কাজ করছেন স্থানীয় একদল স্বেচ্ছাসেবী।
২৮ বছর বয়সী ইয়াহইয়া আবু লাহিয়া ‘গার্ডিয়ানস অব হেরিটেজ’ দলের একজন মাঠ পর্যায়ের কারিগরি কর্মী। গাজাভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান ‘মায়াসেম অ্যাসোসিয়েশন ফর কালচার অ্যান্ড আর্টস’-এর অধীনে প্রায় ২০ জন তরুণ-তরুণীর সমন্বয়ে গড়ে ওঠা এই স্বেচ্ছাসেবী দলটি বোমায় বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে প্রত্নবস্তু খুঁজে বের করে তা পরিষ্কার, আলোকচিত্র ধারণ ও তালিকাভুক্ত করার কাজ করছে।
সম্প্রতি জর্দানভিত্তিক প্রতিষ্ঠান পেত্রা ন্যাশনাল ট্রাস্ট ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ‘পিএনটি হেরিটেজ অ্যাওয়ার্ড’-এ বিশেষ স্বীকৃতি পেয়েছে দলটি। অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যেও তারা এ পর্যন্ত এক হাজারের বেশি স্থানান্তরযোগ্য সাংস্কৃতিক ঐতিহ্যের নিদর্শন নথিভুক্ত করেছে এবং একটি সুরক্ষিত ডিজিটাল আর্কাইভ তৈরিতে সাফল্য অর্জন করেছে।


























