যুক্তরাষ্ট্রে অবস্থানকালে চিকিৎসার খরচ মেটাতে সরকারি সুবিধা গ্রহণ করলে পরবর্তীতে দেশটিতে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন বিদেশি নাগরিকরা। এই ধরনের কর্মকাণ্ডকে ভিসার চরম অপব্যবহার ও শর্ত লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে বলে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।
দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রে ভ্রমণকালে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়া ভিসার শর্ত পরিপন্থী। ভবিষ্যতে দেশটিতে পুনরায় প্রবেশের ক্ষেত্রে এটি বড় ধরণের বাধা সৃষ্টি করতে পারে।
এর আগে মার্কিন দূতাবাস থেকে অপর এক বার্তায় জানানো হয়, ‘অ্যাডমিট আনটিল ডেট’ অনুযায়ী অনুমোদিত মেয়াদের মধ্যেই পর্যটকদের যুক্তরাষ্ট্র ত্যাগ করা বাধ্যতামূলক। এছাড়া বি১/বি২ ভিসায় ব্যবসায়িক বৈঠক বা আলোচনায় অংশ নেওয়ার সুযোগ থাকলেও কোনো প্রকার কর্মসংস্থানে যুক্ত হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করা প্রতিটি ভ্রমণকারীর নিজস্ব দায়িত্ব বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

























