চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের পুকুরে পড়ে গিয়ে মাদ্রাসার এক শিক্ষিকাসহ দুজন নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে সাতকানিয়ার কেরানীহাট সংলগ্ন রেলবিট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাসটি কক্সবাজারের দিকে যাচ্ছিল।
নিহতরা হলেন মাদ্রাসার শিক্ষিকা সোহানা আফরোজ (৪৫) ও ইসরাফিল (৫৬)। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও ইটভাটার শ্রমিকরা উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে দোহাজারী হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ সম্পন্ন করে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবসার জানান, বাসটি উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। স্থানীয়রা মহাসড়কটি ছয় লেনে উন্নীত করার দাবি পুনর্ব্যক্ত করেছেন।























