সবার জন্য বিনামূল্যে প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, বিভাগীয় ও আঞ্চলিক পর্যায় থেকেই যাতে সাধারণ রোগীরা উন্নত চিকিৎসাসেবা পান এবং কাউকে যাতে রাজধানীমুখী হতে না হয়, সে লক্ষ্যেই সরকার বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করছে।
শুক্রবার রাজধানীর শহিদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বাংলাদেশ সোসাইটি অব রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের ‘৩২তম জাতীয় সম্মেলন ও ২য় আউট রিচ প্রোগ্রামে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবারের বাজেটে স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ প্রদান করেছেন। দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন ও সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে এ বরাদ্দের সঠিক ব্যবহার সুনিশ্চিত করতে হবে। সম্পদের সীমাবদ্ধতা থাকলেও আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে কাজ করলে স্বাস্থ্যসেবায় বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব।
তিনি আরও বলেন, রোগীরা যাতে দেশেই সব ধরনের জটিল রোগের পূর্ণাঙ্গ চিকিৎসা পান এবং চিকিৎসাসেবার জন্য কাউকে বিদেশে যেতে না হয়, সে লক্ষ্যে সমন্বিত পদক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে নবীন চিকিৎসকদের ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে সুনির্দিষ্ট ক্যারিয়ার প্ল্যানিংয়ের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম, স্বাস্থ্যসেবা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম (শাকিল)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. সৈয়দ আওসাফ আলী এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলাদেশ সোসাইটি অব রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের মহাসচিব অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম। এতে দেশ-বিদেশের বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক ও গবেষকেরা উপস্থিত ছিলেন।
























