তিন নদীর মোহনায় গড়ে ওঠা রূপসা তীরের শিল্প নগরী খুলনার আধুনিক প্রশাসনিক বিকাশের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে ঐতিহ্যবাহী ‘টাউন জামে মসজিদ’। ১৮৪২ সালে বেঙ্গল প্রেসিডেন্সির অধীনে খুলনা মহকুমা প্রতিষ্ঠার পর থেকেই শহরটির সামাজিক ও সাংস্কৃতিক বিবর্তনের রূপান্তরকে কাছ থেকে দেখেছে এই ঐতিহাসিক স্থাপনা।
ঐতিহাসিক নথি থেকে জানা যায়, খুলনা মহকুমা সদরের সূচনালগ্নে মির্জাপুর মাঠ এলাকার কাজী পরিবারের বসতি ও তাদের নির্মিত একটি ছোট পাকা মসজিদ সরকারি অধিগ্রহণের আওতায় আসে। কাজী পরিবারটি কিছুটা দক্ষিণে সরে গিয়ে মুন্সীপাড়ায় স্থায়ী হলেও এই প্রাচীন মসজিদে তাদের যাতায়াত অব্যাহত ছিল। পরবর্তীতে স্থানীয় বাসিন্দা ও সরকারি মুসলিম কর্মচারীদের উদ্যোগে মসজিদটি সর্বজনীন জামে মসজিদের রূপ লাভ করে।
খুলনা জেলা তথ্য বাতায়নের তথ্য অনুযায়ী, কেডি ঘোষ রোডের পূর্ব প্রান্তে ও খুলনা জিলা স্কুলের পশ্চিমে ১৮৫৪ সালে বর্তমান স্থানে দৃষ্টিনন্দন এই টাউন জামে মসজিদ প্রতিষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার ও সিভিল সার্জনের বাসভবনসহ শহরের প্রশাসনিক প্রাণকেন্দ্রে অবস্থিত এই স্থাপনাটি দেড় শতাধিক বছর ধরে দক্ষিণ অঞ্চলের ধর্মীয় চেতনা ও ঐতিহ্যের স্মারক হিসেবে দাঁড়িয়ে আছে।


























