পোশাকশ্রমিকদের ন্যায্য দাবি মেনে দ্রুত বেতন কাঠামো পুনর্বিন্যাসের আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি সতর্ক করে বলেন, সরকার সিদ্ধান্ত নিতে যত বিলম্ব করবে, দেশের অর্থনীতির ক্ষতির পরিমাণ ততই বাড়বে।
ডা. শফিকুর রহমান বলেন, শিল্প বাঁচাতে হলে শ্রমিকদের বাঁচিয়ে রাখা জরুরি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে স্বল্প বেতনে শ্রমিকদের জীবনধারণ করা অসম্ভব হয়ে পড়েছে। পোশাকশিল্প দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি, তাই এই খাতে বড় ধরনের বিপর্যয় এড়াতে মালিক ও শ্রমিক উভয় পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান প্রয়োজন।
তিনি আরও বলেন, সরকার এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে, যার সুযোগ নিচ্ছে অসাধু চক্র। এছাড়া গাজীপুরে শ্রমিক হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিও জানান বিরোধীদলীয় নেতা।

























